২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ ডাকাতকে হত্যা, চোখ উৎপাটন একজনের

ফরিদপুর ও নওগাঁয় সন্দেহভাজন দুই ডাকাতকে পিটিয়ে মারা হয়েছে। বরিশালে চোখ তুলে নেওয়া হয়েছে একজনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর ও নওগাঁয় সন্দেহভাজন দুই ডাকাতকে পিটিয়ে মারা হয়েছে। বরিশালে চোখ তুলে নেওয়া হয়েছে একজনের। বৃহস্পতিবার এই ঘটনাগুলো ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন। ফরিদপুরের সদরপুর উপজেলার চরচাঁদপুর-বৈরাগীডাঙ্গি গ্রামে গণপিটুনিতে নিহত হন সেকেন্দার ওরফে সেকেন (৪০)। সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের ব্যবসায়ী কাশীনাথ বৈরাগীর বাড়িতে রাত ৩টার দিকে ১০/১২ জন ডাকাত দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা কাশীনাথ ও তার ভাতিজা প্রমথনাথকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আলমারি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। “এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে আসে। দলের অন্য সদস্য পালিয়ে গেলেও ডাকাত সর্দার সেকেন্দারকে ধরে পিটুনি দেয় এলাকাবাসী,” বলেন তিনি। আহত সেকেন্দারকে পুলিশ উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে সেখানে তার মৃত্যু হয়। ডাকাতির ঘটনায় কাশীনাথ বৈরাগী বাদি হয়ে থানায় মামলা করেছেন। নওগাঁর পোরশার শ্যামনগর গ্রামে ভোরে গণপিটুনিতে নিহত হন তোরাব আলী (৪০)। তিনি পতœীতলা উপজেলার মাটিন্দর গ্রামের বাসিন্দা। পোরশা থানার ওসি এ বি এম রেজাউল ইসলাম জানান, গত মার্চে শ্যামনগর গ্রামে একটি ডাকাতি হয়। ওই ডাকাতির তোরাব আলীসহ বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়। মামলার আসামিদের মধ্যে তিনজন ধরা পড়লেও তোরাব আলী পলাতক ছিলেন। বুধবার দুপুরে তোরাব আলী শ্যামনগর এলাকায় গেলে লোকজন তাকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টায় তোরাবের মৃত্যু হয়। তোরাব আলীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। বরিশালের বানারীপাড়ার ইন্দের হাওলা গ্রামে শহীদ হাওলাদার (৪০) নামে সন্দেহভাজন এক ডাকাতকে ধরে চোখ তুলে নিয়েছে জনতা। শহীদ ইন্দের হাওলা গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে। বানারীপাড়া থানার ওসি আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহীদের নেতৃত্বে একদল ডাকাত মধ্যরাতে ইন্দের হাওলা গ্রামের মোক্তার হাওলাদার নামের এক ব্যক্তির ঘরের জানালা ভেঙে ঢুকে নগদ টাকা ও মালামাল লুট করে। “এ সময় গৃহকর্তা মোক্তার, তার স্ত্রী চন্দ্রবান, ছেলে লিটন ও মেয়ে মারুফা শহীদকে জাপটে ধরে ফেলে। এরপর স্থানীয়রা ছুটে এসে শহীদকে হাত-পা বেঁধে পিটুনি দেয়। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে শহীদের চোখ নষ্ট করে দেয়,” বলেন ওসি। সকালে পুলিশ শহীদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত শহীদ স¤প্রতি জামিনে বের হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/২১৩৫ ঘ.