ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দুটি মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনসহ শীর্ষ পাঁচ কর্মকর্তার জামিন বাতিলের পরদিনই তা বাতিল করেছে অপর একটি আদালত। ফলে জামিন পাচ্ছেন তারা।
বৃহস্পতিবার বিকেলে আংশিক শুনানি গ্রহণ করে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এই আদেশ দেন। একই সঙ্গে আসামি পক্ষের পুনর্বিবেচনার আবেদনের উপর ২০ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন তিনি।
বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ড. আখতারুজ্জামান বৃহস্পতিবার তাদের জামিন বাতিল করেন।
বৃহস্পতিবার দেওয়া আদেশে বিচারক বলেন, “দুদকের দায়ের করা রিভিশন আবেদনের ওপর শুনানির করার এখতিয়ার নেই ভারপ্রাপ্ত বিচারকের।”
জামিন বাতিলের আদেশ বাতিল করার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন এ আদালতের পেশকার ইফতেখার হোসেন।
মুদ্রা পাচারের দুটি মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের শীর্ষ পাঁচ কর্মকর্তার জামিন বাতিলের আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ বৃহস্পতিবার বিচারকজ মো. জহুরুল হকের কাছে আবেদন করেন।
আবেদনে বলা হয়, বিচারক মো.আখতারুজ্জামান যেহেতু জ্যেষ্ঠ বিশেষ জজ বা মহানগর দায়রা জজ নন সেহেতু ওই রিভিশন আবেদন তিনি শুনতে পারেন না। এ কারণে জামিন বাতিলের আদেশও তিনি দিতে পারেন না।
তারা বিচারক ড. আখতারুজ্জামানের দেওয়া জামিন বাতিলের আদেশ স্থগিত করার আবেদন জানান।
আবেদনের শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজী, শ ম রেজাউল করিম ও আবু সাইদ সাগর।
মামলার অন্য আসামিরা হলেন- ডেসটিনির ২০০০ এর সভাপতি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, মো. হোসেন, মো. গোফরানুল হক ও মো. সাইদ উর রহমান।
ঢাকার মহানগর হাকিমের কাছ থেকে জামিন পাওয়া ডেসটিনির বাকি ১৭ আসামির জামিনও চ্যালেঞ্জ করে বুধবার দুদক একই আদালতে পুনর্বিবেচনার আবেদন করে। এর শুনানির দিন নির্ধারিত হয়েছে ২০ সেপ্টেম্বর।
সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলি সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি করেন।
রফিকুল আমিনসহ পাঁচ কর্মকর্তা গত ৬ অগাস্ট এ দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে মুখ্য মহানগর হাকিম আদালত তা মঞ্জুর করে। পরে জামিন পান বাকি ১৭ আসামিও ।
দুদকের পক্ষ থেকে শীর্ষ পাঁচ কর্মকর্তার জামিন পুনর্বিবেচনার আবেদন করা হলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জহুরুল হক ১২ সেপ্টেম্বর শুনানির দিন রাখেন। পরে বাকি ১৭ কর্মকর্তার ক্ষেত্রেও মঙ্গলবার একই আবেদন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এএল/২০৪৭ ঘ.
bdnews24