চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর, ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট দফা দাবিতে বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ধর্মঘট ও প্রতীক অনশন পালন করেছে।
বৃহস্পতিবার সকালে শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, স্থায়ী শিক্ষা কমিশন ও বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র কমিশন গঠন, সম্মানজনক বাড়ি ভাড়া প্রদান, চাকরির বয়স সীমা ৬৫ বছর, নন এমপিও শিক্ষকদের অবিলম্বে এমপিওভুক্ত করণ ও পার্বত্য এলাকায় কর্মরতদের জন্য ৩০ ভাগ পাহাড়ি ভাতা প্রদান।
এ সময় এক সমাবেশে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোসাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বক্তৃতা করেন।
বক্তারা বলেন, ১৯৯৩ সালে ঘোষিত স্কেলে একটি মাত্র বার্ষিক প্রবৃদ্ধি, একশ’ টাকা বাড়ি ভাড়া, ১৫০ টাকা চিকিৎসা ভাতা আর মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা প্রদান করা হয় যা হাস্যকর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৩৭ ঘ.
bdnews24