সুনামগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ২০৩০ সাল পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয় উপদেষ্টা তৌফিক-ই-এলাহী।
বুধবার সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার দেশের প্রতিটি ঘরে ২০২০ সালের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। ২০৩০ সাল পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে।
এছাড়া নতুন করে ১৮ লাখ বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলেও তিনি জানান।
দুপুরে জাতীয় গ্রিডে দিরাই-শাল্লা বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন উপলক্ষে দিরাইয়ে এক জনসভায় তিনি বক্তব্য দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ ও সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক।
এর আগে উপদেষ্টা ফিতা কেটে শহরের থানা রোডে দিরাই-শাল্লা বিদ্যুৎ সংযোগ লাইনের সাব স্টেশন উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৪ ঘ.
bdnews24