২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া শিগগিরই শ্রমিক নেবে, আশা প্রধানমন্ত্রীর

দু’দেশের স্বার্থ বিবেচনা করে মালয়েশিয়া শিগগিরই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু’দেশের স্বার্থ বিবেচনা করে মালয়েশিয়া শিগগিরই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশীয় মানবসম্পদমন্ত্রী এস সুব্রামানিয়ামের সঙ্গে বুধবার এক বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মালয়েশিয়ার সফররত মন্ত্রী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। পরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। দু’দেশের সরকারের মধ্যে চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে মালয়েশিয়ার সিদ্ধান্তের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ শেষে সেদেশে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য মালয়েশীয় মানবসম্পদ মন্ত্রীর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে মালয়েশিয়া আরো বেশি করে তৈরী পোশাক, ওষুধ, পাট, চামড়াজাত পণ্য এবং কৃষিজাত পণ্য আমদানি করবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। সাক্ষাতকালে শেখ হাসিনা এবং এস সুব্রামানিয়াম দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলেও শেখ হাসিনা এবং এস সুব্রামানিয়াম আশা প্রকাশ করেন। এসময়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮৩১ ঘ.