গাইবান্ধা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লীবিদ্যুতের কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির জেরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের প্রায় এক হাজার পরিবারে রোববার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম প্রধান বলেন, রোববার পল্লী বিদ্যুতের কর্মচারীরা বিদ্যুৎ লাইনের উপর থেকে গাছের ডাল কাটতে এলে গ্রামের এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এরপর থেকে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রামটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে।
এ নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা বিদ্যুৎ সরবরাহের কোনো উদ্যোগ নিচ্ছে না, বলেন ইউপি চেয়ারম্যান।
এ বিষয়ে সাদুল্লাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাছের ডালপালা পরিষ্কার করার সময় তাদের লোকজনকে বাধা দেয় ও মারধর করা হয়। তাই তারা ডালপালা পরিষ্কার না করেই চলে আসে।
“গাছের ডালপালা পরিষ্কার না করা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭২৫ ঘ.
bdnews24