চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠকের পরও শিক্ষানবিশ চিকিৎসকরা ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে।
বুধবার পরিচালকের সঙ্গে বৈঠকের পর তারা বলেছে, শিক্ষানবিশ চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফসিউর রহমানের সঙ্গে বৈঠক করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। বৈঠকে বিএমএ ও স্বাচিপ নেতা এবং পুলিশ কর্মকর্তারাও ছিলেন।
শিক্ষানবিশ চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন চিকিৎসক পরিষদের (আইডিএ) আহ্বায়ক গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসককে লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রাখব বলে বৈঠকে আমরা জানিয়েছি।”
মঙ্গলবার বিকালে ইসলামিয়া কলেজের একদল ছাত্রলীগকর্মী হাসপাতালে মিজানুর রহমান নামে শিক্ষানবিশ এক চিকিৎসককে মারধর করে, লাঞ্ছিত করে চকেম ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ সুমনকে।
এরপর রাত থেকে ধর্মঘট শুরু করে শিক্ষানবিশ চিকিৎসকরা। বুধবার সকালে তারা হাসপাতালের বিভিন্ন ফটকে তালাও ঝুলিয়ে দেয়।
তবে বৈঠকের পর হাসপাতালের বিভিন্ন ফটকের তালা খুলে দেওয়া হয়েছে। শিক্ষানবিশ চিকিৎসকদের নেতা কিবরিয়া জানিয়েছেন, ধর্মঘটে শুধু জরুরি বিভাগে তারা চিকিৎসাসেবা চালিয়ে যাবেন।
হাসপাতালের পরিচালক ফসিউর রহমান সাংবাদিকদের জানান, শিক্ষানবিশ চিকিৎসক লাঞ্ছিতর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে যথাযথ কর্তৃপক্ষকে বলা হয়েছে।
চিকিৎসকদের নিরাপত্তাসহ অন্যান্য দাবি পূরণের আশ্বাস দেয়া হয়েছে বলে তিনি জানান।
ধর্মঘটী চিকিৎসকরা সহকর্মীকে মারধরের বিচারসহ পাঁচ দাবি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১৬৫১ ঘ.
bdnews24