কুষ্টিয়া, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মার চরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তোফাজ্জেল হোসেন ওরফে তোফা মোল্লা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
র্যাব বলছে, নিহত তোফাজ্জেল চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের আঞ্চলিক নেতা।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এএসপি আহমাদ নাঈমুল হাসান সাংবাদিকদের জানান, বুধবার ভোর সোয়া ৫টার দিকে কুমারখালীর শিলাইদহের চরসাদীপুরে এ ঘটনা ঘটে। র্যাব ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
র্যাব কমান্ডার বলেন, “চরমপন্থী সন্ত্রাসীরা নাশকতা ঘটানোর লক্ষ্যে বৈঠক করছে এমন খবর পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ও পাবনা ইউনিটের সদস্যরা ট্রলারে করে সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে আরেকটি ট্রলারে করে এসে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি করলে প্রায় এক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে।”
এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে স্থানীয়রা লাশটি কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের সমির উদ্দিন মোল্লার ছেলে তোফাজ্জেল হোসেনের লাশ বলে সনাক্ত করে বলে নাঈমুল হাসান জানান।
তিনি বলেন, র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৫টি এলজি, ৫টি ধারালো হাসুয়া ও গুলি উদ্ধার করেছে।
কুমারখালী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তোফাজ্জেলের লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামসহ একাধিক ব্যক্তিকে হত্যা ও অপহরণের অভিযোগে মামলা রয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩০ ঘ.
bdnews24