ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌ-বাণিজ্য খাতের উন্নয়নে দক্ষ নাবিক গড়ে তোলায় বর্তমানে বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ। এজন্য সরকার দেশে নতুন আরো চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, নতুন চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠায় সরকারের নেওয়া প্রকল্প ইতোমধ্যেই একনেক অনুমোদন করেছে। শিগগিরই এসব একাডেমি স্থাপনের কাজ শুরু হবে।
মঙ্গলবার ‘মেরিটাইম লেবার কনভেনশন (এমএলসি) ২০০৬’ শীর্ষক এক পরামর্শ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-মন্ত্রী এসব কথা বলেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এবং বাংলাদেশ মেরিন একাডেমী (বিএমএ) যৌথভাবে ঢাকার একটি হোটেলে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
নৌ-মন্ত্রী বলেন, জাহাজ মালিক ও নাবিকদের সেবার মান আরো উন্নত করতে ‘এমএলসি ২০০৬’ বাস্তবায়নে শ্রম এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। কর্মশালা থেকে এমএলসি ২০০৬-এর আইনি, কারিগরি, অর্থনৈতিক এবং সামাজিক সুবিধাগুলোর প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। যা এ খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
জাহাজ মালিক, নাবিক (কর্মকর্তা ও কর্মচারী), জরিপকারক (সার্ভেয়ার), সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রতিনিধি এবং বিএসসি, আইএলও ও মেরিন একাডেমীর ৭০ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেন।
শ্রমসচিব মিকাইল শিপার, আইএলও’র আবাসিক প্রতিনিধি আঁন্দ্রে বোগুই, বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক মকসুমুল কাদের এবং মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হুসেইন এতে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৫২ ঘ.
bdnews24