ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় অনুষ্ঠেয় ১৯তম আন্তর্জাতিক কনফারেন্স অফ ইসলামিক ওয়ার্ল্ড অ্যাকাডেমি অফ সায়েন্সেসের (আইএএস) প্রধান অতিথি হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আন্তর্জাতিক কনফারেন্স অফ ইসলামিক ওয়ার্ল্ড অ্যাকাডেমি অফ সায়েন্সেসের মহাপরিচালক মোনিফ আর জু বি মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণ জানান।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, এই সম্মেলনে ওআইসিভুক্ত ৫৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
সাক্ষাতে শেখ হাসিনা ও মোনিফ আর জু বি মুসলিম উম্মাহর উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মানুষের কল্যাণ নিশ্চিত করতে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাক্ষাতের সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম ওয়াহেদ উজ জামান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানান আইএএস মহাপরিচালক।
তিনি প্রয়াত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রীর স্বামী এম ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণও করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/১৬৩৯ ঘ.
bdnews24