গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলমগীর বাদশা মিয়াকে লাঞ্ছিত এবং তার গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার পর ওই প্রকৌশলীর রুমে তালা ঝুলিয়ে দেয় হামলাকারীরা। পরে পুলিশ এসে তালা খুলে দেয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, তালা খোলার পর নির্বাহী প্রকৌশলী পুলিশ পাহারায় অফিস করছেন।
প্রকৌশলী আলমগীর বাদশা মিয়া বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে লুৎফর রহমান, আল আমীনসহ ১০/১২ জন যুবক আমার রুমে ঢুকে কাজের এস্টিমেট চায়।”
“তাদের কোনো কাজ না থাকায় এস্টিমেট দিতে অস্বীকার করলে তারা আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে তালা ঝুরিয়ে দেয় এবং অফিসের সামনে রাখা আমার সরকারি গাড়িটি ভাংচুর করে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩৫ ঘ.
bdnews24