২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খ্রিস্টানদের জমি’ দখলের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশাল শহরে খ্রিস্টান সম্প্রদায়ের জমি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান জোর করে দখল করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নগরের খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

বরিশাল, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শহরে খ্রিস্টান সম্প্রদায়ের জমি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান জোর করে দখল করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নগরের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সোমবার সকালে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি থেকে আগামী শুক্রবার প্রতীক অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা। ব্যপ্টিস্ট চার্চ পরিচালনা কমিটির সহ-সম্পাদিকা জনসন মেরি গুহ বলেন, “গত ৮ সেপ্টেম্বর আদালতের নির্দেশ উপেক্ষা করে নগরীর ব্যাপ্টিস্ট মিশন এলাকায় বাস্তুহারা হতদরিদ্র খ্রিস্টান কলোনির দুই একর ৫৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করে অলিম্পিক প্রোপর্টিজ।” অলিম্পিক প্রোপার্টিজ লিমিটেড খান সন্স গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। “ব্যাপটিস্ট চার্চ সংঘের ট্রাস্টি এই জমিতে ৪৪টি খ্রিস্টান পরিবার বাস করে।” যে সব পরিবার সেখানে এখনও রয়েছে তারা উচ্ছেদ আতঙ্কে রয়েছে বলে জানান তিনি। প্রতিবাদ কর্মসূচিতে খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক ও অক্সফোর্ড অনুসারী এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরাও অংশ নেন। এ বিষয়ে অলিম্পিক প্রোপার্টিজ লিমিটেডের মহাব্যবস্থাপক আনসার আলী হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ অ্যাসোসিয়েশনের কাছ থেকে তারা এই জমি আট কোটি ৮২ লাখ ৮৮ হাজার টাকায় কেনে। এ জমির ওপর নির্মিত কলোনিবাসী বিষয়টি জানতে পেরে জমির ক্রেতা ও বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা করে। এতে ২০১০ সালের ৩ মার্চ আদালত জমির উপর স্থগিতাদেশ দেয়। সেই স্থগিতাদেশ খারিজ করে দেওয়ার পর জমিটি দখল নিতে যান তারা বলে জানিয়েছেন তিনি। তবে খ্রিস্টান স¤প্রদায়ের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী মানবেন্দ্র বটব্যাল বলেন, “বসবাসকারীদের করা স্থগিতাদেশ থাকা খারিজ হলেও চার্চের পক্ষ থেকে ট্রাস্টি জমির বিক্রির দলিল বাতিলের মামলায় স্থগিতাদেশ বহাল রয়েছে রয়েছে।” তারপরও গায়ের জোরে জমি দখল করা হয়েছে দাবি করেন তিনি। পুলিশ কমিশনার একেএম সামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় দুই পক্ষকে আদালতে যাওয়ার জন্য বলা হয়েছে। একে অন্যের ওপর মারমুখী আচরণ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এই ধরনের আচরন করলে পুলিশকে অবহিত করতে বলা হয়েছে বলে জানান তিনি। “পুলিশ দ্রুত মারমুখী অবস্থানে থাকাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮০৯ ঘ.