বাগেরহাট, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকের অবহেলায় বাগেরহাট শহরের একটি বেসরকারি ক্লিনিকে এক স্কুল ছাত্রীর মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল সাড়ে ছয়টায় অপারেশন থিয়েটারে ওই ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চিকিৎসকের বিচার দাবি করে বিক্ষোভ করে এলাকাবাসী।
নিহত শারমিন আখতার (১৩) শহরের খারদ্বার এলাকার রিকশাভ্যান চালক সিরাজুল ইসলামের মেয়ে এবং জাহানাবাদ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, এপেন্ডিসাইটিসের ব্যাথা শুরু হলে শহরের দাসপাড়া মোড়ের মুক্তি ক্লিনিকে রোববার রাত নয়টার দিকে শারমিনকে ভর্তি করা হয়। রাত এগারোটায় তার অস্ত্রোপচার করা হয়। সকাল সাড়ে ছয়টায় তার মৃত্যু হয়।
“ছাত্রীটির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষোভ করে চিকিৎসকের বিচার দাবি করে।”
“পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।”
মেয়েটির ময়না তদন্ত শেষে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মঈন উদ্দিন মোল্লা বলেন, “রাতে অস্ত্রোপচারের পর নিয়ম বহির্ভূতভাবে রোগীকে পানি বা খাবার খাইয়েছে হাসপাতালের দায়িত্বরতরা।”
তবে মৃত্যুর কারণ এই মুহূর্তে নিশ্চিত করেননি তিনি।
“মঙ্গলবার বোর্ডের বৈঠকের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে” বলেন তিনি।
মেয়েটির বাবা সিরাজুল ইসলাম জানান, অপারেশন থিয়েটার থেকে মেয়েকে বিছানায় নিয়ে আসে। এর কিছুক্ষণ পর মেয়েটির বমি শুরু হয়।
বিষয়টি ক্লিনিকের মালিক চিকিৎসক এস কে কায়উমকে জানালেও কোন ব্যবস্থা নেননি তিনি।
“তার অবহেলায় মেয়েটির মৃত্যু হয়েছে।”
মুক্তি ক্লিনিকের চিকিৎসক নাঈমা ফেরদৌসীকে উদ্ধৃত করে বাগেরহাট মডেল থানার এসআই আশিকুর রহমান জানান, ভোরের দিকে রোগীর বমি শুরু হয়।
“সকাল ছয়টার দিকে আবার অপারেশন থিয়েটারে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫৭ ঘ.
bdnews24