২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের ‘নির্যাতন’

দিনাজপুরের বিরল উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের নির্যাতনের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরল উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের নির্যাতনের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এলাকাবাসী জানায়, ধামইর ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন শুক্রবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই সদস্যকে পিটিয়ে হাসপাতালে পাঠান। এছাড়া লোকজন নিয়ে পিপল্যা কাঞ্চন পল্লী গুচ্ছ গ্রামে গিয়ে হুমকি দেন- তারা যেন অন্যের বাড়িতে কাজ-কর্ম না করে এবং হোটেল-রেস্টুরেন্টে না বসে। এ ঘটনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নির্যাতনের বিচার ও নিরাপত্তা চেয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন দুই জনকে মারধরের কথা স্বীকার করলেও অপর অভিযোগ অস্বীকার করেছেন। বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রেশম ভুঞ্জা (২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে ধুকুরজাড়ি থেকে বাড়ি ফেরার পথে চেয়ারম্যান মোসলেম উদ্দিন তাকে চর-থাপ্পড়, ঘুষি মারতে থাকেন। এ সময় গুচ্ছগ্রামের নকুল ভুঞ্জা (৫৫) প্রতিবাদ করলে চেয়ারম্যান তাকে ধরে চেম্বারে নিয়ে এলোপাতারি মারধর করেন। পরে এলাকার লোকজন তাদের হাসপাতালে ভর্তি করে, বলেন রেশম ভুঞ্জা। পিপল্যা কাঞ্চন পল্লী গুচ্ছগ্রামের হরিমহন ভুঞ্জা, বানী বালা, রেশমি বালা, বাটারু ভুঞ্জা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেশম ও নকুলকে মারধরের পর চেয়ারম্যান তার তিন ছেলে এবং কয়েকজন লোকসহ ৭/৮টি মোটরসাইকেলে করে গ্রামে আসেন। তারা হুমকি দেন- এখানকার কেউ আর অন্যের বাড়িতে কাজ-কর্ম করতে পারবে না, বাজারে যেতে পারবে না এবং এলাকার হোটেল-রেস্তোরায় বসতে পারবে না। তারা জানান, গ্রামের ৭ একর ২ শতক দেবোত্তর সম্পত্তি রয়েছে। এর মধ্যে ২ একর ৭২ শতক জমিতে একটি পুকুর আছে। এ সম্পত্তি দখল করতেই চেয়ারম্যান দীর্ঘদিন ধরে তাদের উপর নানাভাবে নির্যাতন করে আসছেন। এর আগে ১৯৯৬ সালেও একবার তাদের গ্রামে হামলা চালানো হয়। হামলায় আহত পূর্ণ, খোকা, ফুলচান, ওকালিয়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসার কিছুদিন পরই মারা যান বলে দাবি করেন পিপল্যা কাঞ্চন গ্রামের বাসিন্দারা। চেয়ারম্যান মোসলেম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেশম ভুঞ্জা এক টেম্পু চালকের কাছে ১০ টাকা চাঁদা দাবি করায় তাকে চর-থাপ্পর মেরেছি। নকুল ভুঞ্জা এ সময় গালাগালি করায় তাকেও চর-থাপ্পর মারা হয়েছে।” বাকি অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। বিরল থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নকুল ভুঞ্জার দেয়া একটি অভিযোগ জিডি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেনকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। গুচ্ছগ্রামের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার সব পদক্ষেপ নেয়া হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১৪ ঘ.