২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকো কারখানার গ্যাসে স্কুলশিক্ষার্থী অসুস্থ

গাজীপুরে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকোর একটি কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েছে পাশের একটি বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকোর একটি কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েছে পাশের একটি বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী। রোববার সকালে টঙ্গীর আউচপাড়া এলাকায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ওষুধ কারখানা থেকে ওই গ্যাস নির্গত হলে পাশের হাজী কছিম উদ্দিন পাবলিক স্কুলের শিক্ষার্থীরা আক্রান্ত হয়। কারখানা কর্মকর্তারা এক ‘দুর্ঘটনা’ বললেও স্কুল কর্তৃপক্ষ বলছে, এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। তারা হল- এস এম নূর (৭), তাবিব হাসান (৯) ও আরিফ হোসেন (১১)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকৌশলী এম এম হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, সকাল ৯টার দিকে বেক্সিমকো কারখানা থেকে নির্গত উৎকট গন্ধের গ্যাস শ্রেণীকক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের চোখে জ্বালা-পোড়া শুরু হতে থাকে এবং তারা বমি করতে থাকে। গ্যাসের ক্রিয়ায় অন্তত অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন বলে জানান প্রধান শিক্ষক। টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাঈল হোসেন সিরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহতরা ওষুধ তৈরির ঝাঁঝালো গন্ধযুক্ত কাঁচামাল থেকে নির্গত গ্যাসে আক্রান্ত হয়েছিল। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।” প্রধান শিক্ষক বলেন, এর আগেও কয়েকবার ওই কারখানা থেকে নির্গত গ্যাসে স্কুলের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল। ২০০৬ সালে এরকম ঘটনায় ১০ শিক্ষার্থী অজ্ঞান হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। ওই ঘটনায় টঙ্গী থানায় তখন সাধারণ ডায়রি করা হয়। রোববারের ঘটনায়ও টঙ্গী থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানান তিনি। টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কুল কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।” এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মেহবুবুল হক সাংবাদিকদের বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ভবিষ্যতে যাতে এরকম সমস্যা না হয় সে ব্যপারে ব্যবস্থা নেয়া হচেছ।” দুর্ঘটনাবশত এই গ্যাস নির্গত হয়েছিল দাবি করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মানবসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, স্কুলসংলগ্ন এলাকায় আমাদের প্যারাসিটামল উৎপাদনের একটি কারখানার কনসুলেটেট প্রসেসে লিকেজ তৈরি হয়। ওই লিকেজ দিয়ে ওষুধ তৈরির ঝাঁঝালো গন্ধযুক্ত কাঁচামাল থেকে নির্গত গ্যাস (অ্যাসিটিক এসিড) পাশের স্কুলে ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/১৮৫৬ ঘ.