সাভার, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালককে হত্যা করে গাড়ি নিয়ে পালানোর সময় সাভারে থেকে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে সাভারের রাজফুলাবড়িয়া বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার এবং প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত চালক আওলাদ হোসেন (৪০) মানিকগঞ্জের সিংগাইর থানার জয়মণ্ডপের গ্লোরা এলাকার আব্দুস সোবহানের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে তামিম (২১), মো. হায়দার (২১), জামাল উদ্দিন (২৮), আ. রহিম (২৩) ও আব্দুল হক (২৪)।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলমা সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে একটি গাড়িতে পাঁচ যুবককে দেখে সন্দেহ হয় টহল পুলিশের।
“তারাও পুলিশের গাড়ি দেখে প্রাইভেটকারটি দ্রুত গতিতে চালাতে থাকে। তখন ধাওয়া করে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ব্যারিকেড দিয়ে তাদের আটক করা হয়।”
“গাড়িতে রক্ত দেখে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তারা।”
“তল্লাশি চালিয়ে গাড়ির সিটের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।”
গ্রেপ্তারকৃতদের উদ্ধৃত করে সাভার থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শনিবার বিকালে সিংগাইর বাসস্ট্যান্ড থেকে প্রাইভেটকারটি ৪ যুবক দুই হাজার টাকায় ভাড়া নিয়ে সাভারে ফ্যান্টাসি কিংডমে যায়।
রাতে ফেরার পথে সাভারের রাজফুলবাড়ীয়া থেকে আরও এক যুবককে গাড়িতে ওঠায়স তারা।
“সিংগাইর সেতু পার হওয়ার পর দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ও জবাই করে গাড়ি চালককে হত্যা করে তারা।”
সকালে বোমকা এলাকা থেকে নিহত চালক আওলাদের লাশ উদ্ধার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩৪ ঘ.
bdnews24