বাগেরহাট, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব সুন্দরবনে শনিবার র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত একজন হলেন খুলনার নুরুল ইসলাম (৩৮)। ওই ঘটনায় নিহত দু’জনের মধ্যে আরেকজনের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে বাগেরহাটের শরণখোলা থানায় পৃথক দুটি মামলা করেছে র্যাব।
এদিকে রোববার সকালে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের গেওয়াখালী এলাকায় কোস্টগার্ড, র্যাব ও পুলিশের একটি যৌথ দলের সঙ্গে ‘বনদস্যু শহীদুল’ বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এ সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ঘটনাস্থল থেকে তিনটি লাইট গান (এলজি) উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের লে. কমান্ডার এম শরীফুল হক খান বলেন, সকাল সাড়ে ৮টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধের সময় ৭০ রাউন্ড গোলাগুলি হয়েছে। দস্যুরা পিছু হটলে ঘটনাস্থল তল্লাশি করে বনের ভেতরে দস্যুদের চারটি আস্তানা ও তিনটি পর্যবেক্ষণ চৌকি ধ্বংস করা হয়।
বন্দুকযুদ্ধে দস্যুরা হতাহত হয়েছে কিনা জানা যায়নি, বলেন তিনি।
র্যাব-৮ এর লে. কমান্ডার সরফরাজ ওবায়েদ সুন্দরবনের জেলেদের বরাত দিয়ে বলেন, শনিবার বন্দুকযুদ্ধে নিহতদের এক জনের নাম নূরুল ইসলাম (৩৮)। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।
স্থানীয় জেলেরা তাকে মোর্ত্তজা বাহিনীর সদস্য বলে শনাক্ত করেছে। এর বেশি আর জানা যায়নি। নিহত অপর ব্যক্তিও ওই দস্যুদলের সদস্য। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি, বলেন র্যাব কর্মকর্তা।
শরণখোলা থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে বনদস্যু বাহিনী প্রধান গোলাম মোর্ত্তজাসহ অজ্ঞাত পরিচয় দস্যুদের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে মামলা দুটি দায়ের করেছেন।
শনিবার পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হন। র্যাবের দাবি এরা বনদস্যু মোর্ত্তজা বাহিনীর সদস্য।
রোববার বাগেরহাট সদর হাসপাতালে দুই লাশের ময়নাতদন্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৩ ঘ.
bdnews24