২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ আমলে, আযাদকে হাজিরের নির্দেশ

যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নিয়ে ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিতি এই সাবেক জামায়ত নেতাকে ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 06:01 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক রোকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে গ্রেপ্তার করে ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। বিচারপতি এ কে এম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রোববার সকালে নির্দেশ দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাহিদুর রহমান গত ১ সেপ্টেম্বর আযাদের বিরুদ্ধে ৬৪ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। তাতে মানবতাবিরোধী অপরাধের ২২টি ঘটনায় ১০টি অভিযোগ আনা হয় বাচ্চু রাজাকার নামে পরিচিত এই সাবেক জামায়াত নেতার বিরুদ্ধে। এর মধ্যে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ফরিদপুরে হত্যা, গণহত্যা, জোর করে ধর্মান্তরিত করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ৩ এপ্রিল আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তার বাড়ি ও কার্যালয়ে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয় পুলিশ। পরে গত ৯ এপ্রিল আযাদের বড় ছেলে এস এম ফয়সল আযাদ, ছোট ছেলে এ কিউ মুশফিকবিল্লাহ জিহাদ এবং শ্যালক কাজী এহতেশামকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাবের জিজ্ঞাসাবাদে ছেলেরা জানায়, আযাদ গ্রেপ্তার এড়াতে পালিয়ে পাকিস্তানে চলে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১১৫০ ঘ.