ভোলা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের তিনদিনেও ভোলা সদরের রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. রুহুল আমিন পাটোয়ারীকে উদ্ধার করা যায়নি।
তার মুক্তির দাবিতে শনিবার রাজাপুরের জনতা বাজারে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়ে রুহুল আমিন আর ফেরেননি। এরপর অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
শনিবার সকালে কয়েকশ’ নারী-পুরুষ রুহুল আমিনের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। সমাবেশে বক্তারা অবিলম্বে রুহুল আমিনকে উদ্ধারের দাবি জানান প্রশাসনের প্রতি।
এ ব্যাপারে ভোলা থানার ওসি সোহরাব আলী বলেন, মোবাইল ফোনে যেখান থেকে কথা বলেছে তার অবস্থান ছিল নোয়াখালীর সুবর্ণচরে। পুলিশের একটি টিম উদ্ধার অভিযানে ওই এলাকায় গেছে।
পুলিশ সুপার বশির আহম্মদ বলেন, এ ঘটনায় অপহৃত রুহুল আমিনের শ্যালক মো. গিয়াস উদ্দিন শুক্রবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অপহৃত রুহুল আমিনের স্ত্রী রিজিয়া বেগম বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাশের এলাকার মো. বাকেরের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপরহরণকারীরা।
ওই টাকা নিয়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কমলগঞ্জে যোগাযোগ করতে বলে।
এরপর গভীর রাতে রুহুল আমিনের শ্বশুড়ের মোবাইল ফোনে আবারো যোগাযোগ করে পাঁচ লাখ টাকা নিয়ে দ্রুত যোগাযোগ করতে বলে। না হলে তাকে হত্যার হুমিক দেয়।
রিজিয়া বেগম আরো বলেন, তার স্বামী রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ছিলেন। শনিবার (৮ সেপ্টেম্বর) ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল।
প্রতিদ্বন্দ্বীরা সম্মেলনের দু’দিন আগে তাকে অপহরণ করে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৪ ঘ.
bdnews24