রাঙামাটি, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলার পরিবহন শ্রমিক সংগঠন ঐক্য পরিষদ সরকারের প্রতি ছয় দফা দাবি পূরণের আহ্বান জানিয়েছেন।
শনিবার রাঙামাটি জেলা পরিবহন শ্রমিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উত্তর চট্টগ্রাম এবং তিন পার্বত্য জেলা সড়ক নৌ-পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ এই আহ্বান জানান।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে উত্তর চট্টগ্রামসহ খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি অভিমুখী বাস, ট্রাক, ট্যাংকলরি ও প্রাইমোভার ট্রেলারের জন্য বিশ্ব রোডের আশপাশে কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ, সকল উপজেলায় বাস, ট্রাক, টেম্পো, অটোরিকশা, কার, মাইক্রোবাস ও চাঁদের গাড়ির টার্মিনাল নির্মাণ, রাঙামাটি সমবায় কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ দখল উচ্ছেদ, ৩০২ ধারা ও মিথ্যা মামলা দিয়ে ড্রাইভারদের হয়রানি বন্ধ করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা সড়ক ও নৌ পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল মান্নান।
বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব এনামুল হক, সাধারণ সম্পাদক মো. হারুন, লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি মইন উদ্দিন সেলিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে পূরণ না করা হলে পরদিন (২৪ সেপ্টেম্বর) পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে সতর্ক করে দেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৫ ঘ.
bdnews24