ঢাবি, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে বিভিন্ন কোটার হার কমানোর দাবিতে একদল শিক্ষার্থীর কর্মসূচি ছাত্রলীগ নেতাকর্মীদের বাধায় পণ্ড হয়ে গেছে।
শনিবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে কোটাবিরোধী ওই সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে ১০টার দিকে কর্মসূচি আহ্বানকারীরা জড়ো হলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের সেখান থেকে হটিয়ে দেয়।
ছাত্রলীগ নেতাদের দাবি, সাধারণ ছাত্রদের নামে ছাত্রশিবির এই কর্মসূচি পালন করতে গিয়েছিল বলে তারা বাধা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই আন্দোলনে জামায়াত-শিবিরের ইন্ধন রয়েছে। তারা বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে।”
ওই কর্মসূচিতে অংশ নিতে প্রায় তিনশ শিক্ষার্থী জড়ো হয়েছিলেন। তবে তারা স্পষ্ট নন, এই কর্মসূচিতে ছাত্রশিবিরের ইন্ধন রয়েছে কি না।
মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর বর্ষের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার একটি লিফলেট পেয়েছিলাম। সেখানে কোটাবিরোধী বক্তব্য দিয়ে আজ সকাল ১০টায় জমায়েত হতে বলা হয়েছিল।
“কারা এই প্রচার চালিয়েছে জানি না। তবে আন্দোলনটি যৌক্তিক মনে হওয়ায় এখানে এসেছি।”
বিভিন্ন হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে বিভিন্ন হলে প্রচারপত্র এবং বিভিন্ন দেয়াল লিখনের মাধ্যমে ‘কোটাবিরোধী আন্দোলন’ নামে শিক্ষার্থীদের একত্রিত করে মতামত নেওয়া হচ্ছে।
সম্প্রতি ৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় (অনুষ্ঠিত) এবং সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় বিজ্ঞপ্তিতে কোটা সংরক্ষণের হার প্রকাশের পর এই কার্যক্রম শুরু করে ‘কোটাবিরোধী আন্দোলন’।
বর্তমানে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় শতকরা ৩০ শতাংশ, জেলা কোটায় ১০ শতাংশ, নারী কোটায় ১০ শতাংশ, উপজাতি কোটায় ৫ শতাংশ এবং প্রতিবন্ধী কোটায় ১ শতাংশ নিয়োগ হয়।
এতে মেধা থাকা সত্ত্বেও ৫৪ শতাংশ শিক্ষার্থী বঞ্চিত হয় বলে এই আন্দোলন সংগঠনকারীদের প্রচারপত্রে বলা হয়েছে। তারা কোটার হার কমানোর দাবি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫১ ঘ.
bdnews24