সিলেট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুইজন নিহত এবং নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে বিশ্বনাথের সিংগেরকাছ পশ্চিমগাও গ্রামের মো. আবারক আলী ও আব্দুল মনাফের লোকজনের মধ্যে সিংগেরকাছ বাজারে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত আব্দুন নুর (৫৫) পশ্চিমগাও সিংগেরকাছ গ্রামের মৃত কুদরত মিয়ার ছেলে ও আব্দুল খালিক (৫০) একই গ্রামের আফছর আলীর ছেলে।
বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বেলা ১২ টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে পশ্চিমগাও সিংগেরকাছ গ্রামের মো. আবারক আলী ও আব্দুল মনাফের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে আব্দুন নুর ও আব্দুল খালিক গুরুতর আহত হন।
পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তারা।
তাদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় অন্তত ৪০ জন গ্রামবাসী আহত হয়েছে। তাদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৩৫ ঘ.
bdnews24