গাইবান্ধা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাল্যবিয়ে নিবন্ধনের অপরাধে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের এক মাসের কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা এ দ-াদেশ দেন।
সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান জানান, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চেংটু শেখের ছেলে ইমরাজুল ইসলামের (১৬) সঙ্গে একই গ্রামের নইদুল মিয়ার মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী লিমা আক্তার ওরফে লতিফার (১৩) ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠে। গত ২২ অগাস্ট ধাপেরহাট ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার ইব্রাহীম আলী জন্ম নিবন্ধন সনদ ছাড়াই ইমরাজুল ও লতিফার বাল্য বিয়ে নিবন্ধন করেন।
এ খবর পেয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা সরেজমিন তদন্ত করে নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ ছাড়া বাল্য বিয়ে নিবন্ধনের প্রমাণ পান। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বক্সীগঞ্জ বাজার থেকে পুলিশ নিকাহ রেজিস্ট্রার ইব্রাহীম আলীকে গ্রেপ্তার করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিকাহ রেজিস্ট্রার তার অপরাধ স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০০৮ ঘ.
bdnews24