২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির দুর্নীতি তদন্তে আরো ২ মাস সময় পাচ্ছে মন্ত্রণালয়

ডেসটিনি ২০০০ লিমিটেডে বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্তের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটিকে আরো দুই মাস সময় দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি ২০০০ লিমিটেডে বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্তের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটিকে আরো দুই মাস সময় দিয়েছে সরকার। বাণিজ্য সচিব গোলাম হোসেন বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “প্রতিবেদন দেওয়ার জন্য দুই মাস সময় চেয়েছি আমরা। সরকার রাজি হয়েছে। আশা করছি ৬০ দিনের মধ্যেই আমরা প্রতিবেদন দিয়ে দেব।” ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম তদন্ত করে সরকারকে প্রতিবেদন দেওয়ার জন্য গত ফেব্রুয়ারি মাসে এই কমিটি করে বাণিজ্য মন্ত্রণালয়। ‘রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস’ (আরজেএসসি)-এর রেজিস্ট্রারকে প্রধান করে সাত সদস্যের এ কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রতিনিধিদের রাখা হয়। কবে প্রতিবেদন দেবেন- এমন প্রশ্নের জবাবে গোলাম হোসেন বলেন, “যখন কাজ শেষ হবে তখনই দেব। আপনারা এটাকে শর্টকার্ট বিষয় মনে করলে ঠিক হবে না। এটা একটি জটিল বিষয়।” সমবায় অধিদপ্তর থেকে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাণিজ্য সচিব বলেন, “তারা একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করেছিল। আমরা ৩৪টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি।” তিনি জানান, ডেসটিনির প্রতিষ্ঠানগুলোর সব অডিট প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। কিছু অনয়িমের তথ্যও পাওয়া গেছে। ডেসটিনি ২০০০ এর সহযোগী প্রতিষ্ঠান ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে অবৈধ ব্যাংকিং, অনুমোদন ছাড়াই গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহের মতো অভিযোগ রয়েছে। এসব র্কমকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে মাসে ২০-২৫ কোটি টাকা তুলে নিচ্ছে বলে বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৭১০ ঘ.