রংপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কাস্টম্স, এক্সসাইজ ও ভ্যাট কমিশনার দপ্তরের এক সহকারী রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও বিধি বহির্ভুতভাবে আদায় করা ভ্যাটের টাকা ফেরত দেয়ার জন্য ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছে জেলা দোকান মালিক সমিতি।
বৃহস্পতিবার দুপুরে দোকান মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতাররা বলেন এর মধ্যে দাবি না মানলে আগামী ১০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট করব তারা।
গত ৩ সেপ্টেম্বর রংপুরের কয়েকজন ব্যবসায়ী নরসিংদির তাঁতীদের কাছ থেকে কাপড় কিনে ট্রাকে করে নিয়ে আসার সময় তা আটক করে রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনার দপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা ব্রজ কুমার রায়।
মালিক সমিতির নেতারা জানান, ‘পরে বিধিবহির্ভূতভাবে মূল্য সংযোজন কর (মুসক), অর্থদণ্ড ও জরিমানা হিসেবে ৩৫ হাজার টাকা জমা নিয়ে ট্রাকসহ কাপড় ছাড়িয়ে নেন ব্যবসায়ীরা।’
দোকান মালিক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সম্পাদক রেজাউল ইসলাম মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ তাঁতীদের কাছ থেকে কাপড় কেনার পর কর বা ভ্যাট দেয়ার কোনো আইন নেই।”
“আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অভিযুক্ত সহকারী রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, বেআইনিভাবে আদায় করা ৩৫ হাজার টাকা ফেরত না দিলে ১০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেয়া হবে।”
তবে রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাপড় ব্যবসায়ীর কাছ থেকে কিনলে ভ্যাট দিতে হবে।
“আটক ট্রাকের কাপড় ব্যবসায়ীদের কাছ থেকে কেনা হয়েছে এটা নিশ্চিত হওয়ার পরেই তাদের কাছ থেকে ভ্যাট আদায় করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএটইচপি/১৫০০ ঘ.
bdnews24