২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ‘নিরপরাধ’ তরুণকে ধরে টাকা আদায় পুলিশের

ঘুষ নেওয়ার জন্য এক নিরপরাধ তরুণকে থানায় ধরে আনার অভিযোগ উঠেছে এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

সাভার, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার জন্য এক নিরপরাধ তরুণকে থানায় ধরে আনার অভিযোগ উঠেছে এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। পরে হতদরিদ্র ওই পরিবারের সদস্যরা ছাগল বিক্রি করে পুলিশকে দিয়ে সানু মোল্লা (১৭) নামের ওই তরুণকে ছাড়িয়ে আনে। বুধবার সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম খানের বিরুদ্ধে এই অভিযোগ করেন সানু মোল্লার পরিবারের সদস্যরা। সানু সাভার পৌর এলাকার কামাল গামের্ন্টস রোডের বাসিন্দা হতদরিদ্র আনোয়ার মোল্লার ছেলে। তার ভগ্নিপতি আব্দুল জলিল অভিযোগ করেন, মঙ্গলবার রাত ১২টার দিকে এসআই মাসুম খান বিনা অপরাধে সানুকে ধরে নিয়ে যান। বুধবার সকালে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। না দিলে সানুকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন। আব্দুল জলিল বলেন, “আমরা বলি চারটি ছাগল ছাড়া ঘরে কোনো সম্পদ নেই।” “তখন দারোগা মাসুম সেই ছাগল বিক্রি করে টাকা এনে দিতে বলেন,” বলেন জলিল। পরে সেই চারটি ছাগলের বাচ্চা ১০ হাজার টাকায় বিক্রি করে দারোগাকে দেওয়া হয়। দারোগা এতে সন্তুষ্ট না হয়ে আজ (বুধবার) সন্ধ্যার মধ্যে বাকি টাকা দিয়ে দিতে বলেন। বিষয়টি স্বীকার করে এসআই মাসুম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই বিষয়টি নিয়ে এত ঘাঁটাঘাঁটি করার দরকার নেই। আমি আপনার সঙ্গে দেখা করব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২২ ঘ.