বরিশাল, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালাকের পর একই দম্পতি পুনরায় বিয়ে করায় বরিশালে সালিশ বৈঠকে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে মো. আউয়াল মোল্লা (৫০) নামে এক সালিশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আউয়াল নগরীর ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা বলে পুলিশ জানিয়েছে।
নির্যাতিত রহিমা বিবি (৪০) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ধূপখোলার চর এলাকার প্রয়াত ওহাব আলী হাওলাদারের মেয়ে। নগরীর পশ্চিম কাউনিয়া মোহাম্মদীয়া মসজিদ সংলগ্ন হারুন মিয়ার বাড়িতে স্বামী নুরুল ইসলাম বলীর সঙ্গে থাকেন তিনি।
নুরুল ইসলাম বলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর কাশিপুর গনপাড়া এলাকার রহিম মাঝির সঙ্গে রহিমা বিবির প্রথম বিয়ে হয়। রহিম মাঝিকে তালাক দেওয়ার পর তিনি তাকে (নুরুল ইসলাম বলী) বিয়ে করেন।
সম্প্রতি তুচ্ছ একটি ঘটনায় কথা কাটাকাটি নিয়ে রহিমা তাকে তালাক দেন। কয়েকদিন পর ভুল বুঝতে পেরে নোটারী পাবলিকে এফিডেভিটের মাধ্যমে তারা পুনরায় বিয়ে করে বসবাস শুরু করেন।
নুরুল ইসলাম জানান, রহিমার প্রথম স্বামী রহিম মাঝি এই ঘটনা নিয়ে সাবেক কাউন্সিলর আউয়াল মোল্লার কাছে বিচার দেন।
সোমবার রাত ৮টার দিকে কাউনিয়া সাধুর বটতলা এলাকায় সৈয়দ মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে সালিশ মীমাংসার আয়োজন করা হয়। সেখানে ছয় থেকে সাত জন সালিশকারী ছিলেন। তারা রহিমাকে প্রথম স্বামীর সঙ্গে হিল্লে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন।
“এতে রাজি না হওয়ায় সালিশকারীরা রহিমা ও আমাকে মারধর করেন,” বলেন নুরুল।
এক পর্যায়ে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
রহিমা বিবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরপর সালিশকারীরা আমাকে মারধর করতে করতে বিবস্ত্র করে ফেলে। এক পর্যায়ে সাবেক কাউন্সিলর আউয়াল মোল্লা তলপেটে লাথি মারলে রক্তক্ষরণ শুরু হয়।”
পরে একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষর নিয়ে তাকে কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি বাড়িতে রেখে তারা চলে যায়।
সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় পালিয়ে এসে স্বামী নুরুলকে নিয়ে রাত ১২টার দিকে রহিমা থানায় যান।
নগরীর কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েল কবির বলেন, ওই গৃহবধূর শরীর থেকে তখন রক্তক্ষরণ হচ্ছিল।
এই ঘটনায় রহিমা বিবি বাদী হয়ে আউয়াল মোল্লাসহ পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো পাঁচ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৫৫৪ ঘ.
bdnews24