২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সলিমুল্লাহ মেডিকেলে শিক্ষকের কক্ষে আগুন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. বেলায়েত হোসেনের কক্ষের দড়জায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 04:38 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. বেলায়েত হোসেনের কক্ষের দড়জায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার ধর বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকমকে জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে বিভাগের মূল ফটক খুলে দেওয়ার পর এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে কক্ষের তালাবন্ধ দরজায় আগুন লগিয়ে দেয়। পরে হাসপাতালের কর্মীরা তা নিভিয়ে ফেলে বলে অধ্যক্ষ জানান। ওই ঘটনার পর ফরেনসিক বিভাগের আশেপাশে ‘সন্দেহজনকভাবে’ ঘোরাফেরা করায় সাদেক ও আবদুল করিম নামে দুই ব্যক্তিকে আটক করে কতোয়ালি থানা পুলিশর হাতে তুলে দেয় হাসপাতালের কর্মচারীরা। কতোয়ালি থানার সহকারী উপ পরিদর্শক কাজী স্বপন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদেক বলেছেন, তার বাবা হাসপাতালে ভর্তি আছেন। আগুন লাগার খবর শুনে তারা বিষয়টি দেখতে গিয়েছিলেন। “আগুন দেয়ার ঘটনায় তারা জড়িত কি না- খোঁজ নিয়ে দেখা হচ্ছে”, বলেন এই পুলিশ সদস্য। এক প্রশ্নের জবাবে ফরেনসিক বিভাগের প্রধান ডা. বেলায়েত হোসেন বলেন, কারো সঙ্গেই তার ব্যক্তিগত কোনো রেষারেষি নেই। কেউ নথি নষ্ট করতে এ কাণ্ড ঘটিয়েছে কি না সে বিষয়েও কোনো ধারণা দিতে পারেননি তিনি। এদিকে কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা জানান, ঈদের ছুটি শেষে গত ২৫ অগাস্ট ক্লাস শুরু হলেও ৩৯তম ব্যাচের শিক্ষার্থীরা একদিন বেশি ছুটি কাটানোর জন্য ওইদিন ক্লাসে যোগ দেননি। এ কারণে কলেজ কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে জরিমানা করে এবং তাদের অভিভাবকদের নোটিস পাঠায়। এ বিষয়ে বুধবার অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক হওয়ারও কথা রয়েছে। ওই ব্যাচের শিক্ষার্থীদের কেউ দড়জায় আগুন দিয়েছে কি না জানতে চাইলে অধ্যক্ষ দীলিপ কুমার বলেন, “এটা তাদের করার কথা না। তবে যারাই করে থাকুক হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১০৩০ ঘ.