২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ অধ্যাদেশ সংসদে

‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০১২’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০১২’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের প্রথম দিন মঙ্গলবার অধ্যাদেশটি উপস্থাপন করা হয়। আইন মন্ত্রী শফিক আহমেদের পক্ষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এই অধ্যাদেশটি অনুমোদনের জন্য উপস্থাপন করেন। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদনের সময়সীমা ১৮০দিন থেকে বাড়িয়ে ৩০০দিন করার জন্য আইন সংশোধনের একটি প্রস্তাব গত ৬ অগাস্ট অনুমোদন করেছে মন্ত্রিসভা। সংসদের অধিবেশন চলমান না থাকায় ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইনটি অধ্যাদেশ আকারে জারি করার অনুমোদন দেয় মন্ত্রিসভা। সিদ্ধান্তটি অধ্যাদেশ আকারে প্রকাশের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। গত ২৭ অগাস্ট সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্বাক্ষরের মধ্য দিয়ে অধ্যাদেশ প্রণয়ন ও জারি হয়। সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদে অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তা অনুমোদনের কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে, অধ্যাদেশ জারির পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপিত হবে এবং ইতোপূর্বে বাতিল না হয়ে থাকলে অধ্যাদেশটি অনুরূপভাবে উপস্থাপনের পর ত্রিশ দিন অতিবাহিত হলে কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে তা অননুমোদন করে সংসদে প্রস্তাব গৃহীত হলে অধ্যাদেশটির কার্যকরতা লোপ পাবে। সরকারিভাবে গেজেট প্রকাশ, স্থানীয় পর্যায়ে গেজেট পৌঁছাতে বিলম্ব এবং আবেদনের জন্য নথিপত্র সংগ্রহে বাড়তি সময় লাগার কারণেই আবেদনের সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে কাগজপত্রের নথির নকল বা অনুলিপি সংগ্রহের সময়সীমাও ৭ ও ১৫ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন বা একমাস করা হয়। দেশে বর্তমানে প্রায় ছয় লাখ ৬০ হাজার একর অর্পিত সম্পত্তি রয়েছে, যার গেজেট প্রকাশে অনেক সময় প্রয়োজন। পাশাপাশি নথিপত্রও সংগ্রহ করতে হবে। এ কারণেই মন্ত্রিসভা সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২১১ ঘ.