ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমানের খোয়াইমাহ শহরে ট্রাক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত এবং আরো পাঁচ জন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ জানায়, মাস্কট থেকে ৫০০ কিলোমিটার পূর্বে উপকূলীয় শহরটিতে স্থানীয় সময় সোমবার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সন্দ্বীপের মোহাম্মদ হেলাল (২৭), মোহাম্মদ বেলাল হোসেন (২৫) ও আসাদুজ্জামান (৩০) এবং রাউজানের মোহাম্মদ জামাল (৪৫)।
ওমানে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর এ কে এম রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এরা সবাই বাংলাদেশি
বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লোহার রেলিংয়ে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত চার বাংলাদেশির মরদেহ রয়্যাল ওমানি পুলিশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে গত এপ্রিলে মাস্কটের কাছে আরেক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এসএসজেড/এএল/২০৩১ ঘ.
bdnews24