২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিদগ্ধ হয়ে ফরহাদ মজহারের ভাইয়ের মৃত্যু

নোয়াখালীতে অগ্নিদগ্ধ হয়ে কলামনিস্ট ফরহাদ মজহারের বড় ভাই কবি ফারুক মুজ্জাম্মেল হকের (৭৫) মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে অগ্নিদগ্ধ হয়ে কলামনিস্ট ফরহাদ মজহারের বড় ভাই কবি ফারুক মুজ্জাম্মেল হকের (৭৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসায় তিনি অগ্নিদগ্ধ হন বলে জানায় পুলিশ। সুধারাম থানা উপ পরিদর্শক (এসআই) আবদুল বাতেন বলেন, সকাল ৭টার দিকে কবি ফারুক মুজাম্মেল পানি গরম করার জন্য রান্না ঘরে যান। এ সময় গ্যাসের চুলা জ্বালানোর সময় অসাবধানতাবশত আগুন নিজের লুঙ্গি ও জামায় লেগে যায়। “কাউকে ডাকার আগে রান্না ঘরে অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।” এসআই বাতেন জানান, ফারুক মুজাম্মেল হক দীর্ঘদিন থেকে হৃদরোগসহ নানা অসুখে ভুগছিলেন। কয়েক বছর আগে স্ত্রী রেহানা ফারুকের মৃত্যুর পর থেকে বড় মেয়ে জয়া ফারজানা হক বাবাকে দেখাশুনা করছিলেন। দুদিন আগে বাবাকে বাড়িতে রেখে ঢাকায় চাচা মইনুল হকের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যান জয়া। তার ছোট মেয়ে কেয়া ফারজানা হক ঢাকায় থাকেন বলে জানান এসআই। কবি ফারুক মুজাম্মেল হক ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৪ ঘ.