২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে স্কুল ছাত্র নিহত

লালমনিরহাটের পাটগ্রাম রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

লালমনিরহাট, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত সাইফুল ইসলাম সেলিম (১৪) জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দঃ গড্ডিমারী গ্রামের আজিজুল ইসলামের ছেলে। হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল সে। পাটগ্রাম স্টেশন মাস্টার উত্তম কুমার জানান, সোমবার সন্ধ্যায় পাটগ্রাম স্টেশনের কাছে বুড়িমারীগামী একটি মালবাহী চলন্ত ট্রেন থেকে নামার সময় সেলিম পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। “এতে তার শরীর থেকে বা পায়ের উরু বিচ্ছিন্ন হয়ে যায়।” স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রংপুর হাসপাতালে নেয়ার পথে রাত ১২টার দিকে পথেই মারা যায় সে। পাটগ্রাম উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. প্রণব কুমার দাস বলেন, “অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।” এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে লালমনিরহাট রেলওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪২ ঘ.