২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

টঙ্গীতে প্যাসিফিক বেভারেজ অ্যান্ড ফুড কোম্পানির বিপুল মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন শিশুখাদ্য ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীতে প্যাসিফিক বেভারেজ অ্যান্ড ফুড কোম্পানির বিপুল মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন শিশুখাদ্য ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবারের এ অভিযানে ধ্বংস করা অন্তত ৩০ প্রকার পণ্যের অধিকাংশই গুঁড়ো দুধসহ বিভিন্ন শিশু খাদ্য বলে আদালতের ম্যাজিস্ট্রেট জানান। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাণ্ডারের ৩০ প্রকারের পণ্য টঙ্গী পৌরসভার বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। তিনি বলেন, বিদেশ থেকে আনা মেয়াদোত্তীর্ণ, মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখবিহীন এবং বিএসটিআই’র অনুমোদনবিহীন এসব পণ্য প্যাসিফিক কর্তৃপক্ষ গুদামে রেখে সেখান থেকে বাজারজাত করছিল। ধ্বংস করার সময় নেসলে কোম্পানির গুঁড়ো দুধে অসংখ্য পোকা পাওয়া গেছে। এসব দুধের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ ছিল না। ধ্বংস করার সময় নুডলস, চকলেট, জুস ও ফ্লেবার চার্মসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের পণ্য থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল। এ সময় টঙ্গী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বিএসটিআই’র সহকারী পরিচালক মো. গোলাম রাব্বানী, ফিল্ড অফিসার জাহিদুর রহমান ও জিসান আহমেদ উপস্থিত ছিলেন। ধ্বংস করা মালামালের মূল্য প্রায় এক কোটি টাকা বলে প্যাসিফিক ভেবারেজ অ্যান্ড ফুড লি. এর পরিচালক আব্দুল জলিল জানান। গত ৯ জুলাই টঙ্গী শিল্পাঞ্চলে ভ্রাম্যমাণ আদালত প্যাসিফিক বেভারেজ কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং কোম্পানির ভাণ্ডার সিলগালা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৬ ঘ.