সাতক্ষীরা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলের একটি নাটকের সংলাপকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জের ফতেপুর ও চাকদহায় সহিংস ঘটনায় ২৩ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আসামিরা সোমবার দুপুরে সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
বিচারক শহীদুল ইসলাম আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আইনজীবী।
গত মার্চ মাসে স্বাধীনতা দিবসে একটি নাটকের সংলাপকে কেন্দ্র করে কালিগঞ্জ উপজেলার ফতেপুর ও চাকদহা গ্রামের ১১টি পরিবারের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি-সংযোগ করা হয়।
এ ঘটনায় জাতীয় পার্টি ও জামায়াত-শিবিরের ৯৫ নেতাকর্মীকে আসামি করে কালিগঞ্জ থানায় পৃথক চারটি মামলা হয়।
এরমধ্যে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আলম চৌধুরীর দায়ের করা মামলায় আসামি ছিলেন এই ২৩ জন। তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চান।
আসামিরা হলেন কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর গ্রামের জুলফিকার সাঁপুই, তার ভাই আবু জাফর সাঁপুই, একই গ্রামের গফুর মোড়ল, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান ওরফে মণি, হুকুম আলী সাঁপুই, হাকিম সাঁপুই, সালাউদ্দীন, রফিকুল, শফিকুল গাজী, হাবিবুল্লাহ গাজী, আবু সাঈদ, আনিছুর মোড়ল, আব্দুল মান্নান, জালাল গাজী, আব্দুল হামিদ, ইয়াছিন গাজী, ইউনুছ গাজী, মাসুম কারিকর, আলিম সাঁপুই, আনার হোসেন গাজী, হানিফ মোড়ল এবং সোনাতলা গ্রামের রবিউল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৭ ঘ.
bdnews24