কুমিল্লা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আদিনামুড়া মাজারের আধিপত্য নিয়ে বিরোধের জেরে খুন হয়েছেন মাজারটির খাদেম সুমন খন্দকার।
রোববার রাতে নিহত সুমনের (৩৫) বাড়ি বরুড়া উপজেলার দরগাহনামা গ্রামে।
বরুড়া থানার ওসি জহিরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদিনামুড়া মাজারের আধিপত্য নিয়ে সুমনের আত্মীয়-স্বজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জের ধরে রোববার রাতে সন্ত্রাসী হামলায় মাজারের খাদেম সুমন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সুমনের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে বরুড়া থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন সুমনের চাচা মুরাদ খন্দকার, চাচাতো ভাই আজহারুল, মাজহারুল ও আতিকুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯৫০ ঘ.
bdnews24