কুমিল্লা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাল বোঝাই ট্রাক উল্টে কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার চার শ্রমিক নিহত হয়েছেন।
পুলিশ জানায়, বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরো ১২ জন।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত-নিহতরা কাজের সন্ধানে বগুড়া থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি বগুড়া থেকে চাল নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল। ট্রাকের উপর শ্রমিকরা বসা ছিল।
“সৈয়দপুরে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চার শ্রমিক মারা যান।”
ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৪ ঘ.
bdnews24