ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যামামলায় র্যাবের অভিযানে গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গোয়েন্দা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তারের পর র্যাব ছয়জনকে গ্রেপ্তার করে। পরে তাদের গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতাউর রহমান সোমবার ওই ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে চেয়ে ঢাকার হাকিম আদালতে আবেদন করেন।
শুনানি শেষে হাকিম মাহবুবুর রহমান চার দিন হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান।
ওই ছয়জন হলেন- নিহত চিকিৎসকের গাড়িচালক কামরুল হাসান অরুণ, তার চেম্বারের ব্যবস্থাপক সাইফুর রহমান, কম্পাউন্ডার তারিকুল ইসলাম এবং বকুল মিয়া, রফিকুল ইসলাম এবং মো. সাঈদ।
র্যাবের দাবি, প্রথম তিনজন ছিলেন ডা. নারায়ণের বাড়িতে ডাকাতির পরিকল্পনায়। পরের তিনজন ডাকাতিতে অংশ নেন।
আদালতে পুলিশ কর্মকর্তা আনিসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিমান্ড আবেদনের শুনানির সময় আসামিদের পক্ষে কারাফটকে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়। তবে বিচারক তা নাকচ করেন।
এর আগে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার পেদা মাসুদ ও মো. ফয়সাল গত রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের অভিযানে গ্রেপ্তার অন্য তিনজন হলেন- মাসুম মিন্টু, পিচ্চি কালাম ও সাইদুল।
গত ২৩ অগাস্ট ভোররাতে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক ভবনে খুন হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য নারায়ণ।
গোয়েন্দা কর্মকর্তারা দাবি করে আসছেন, ডাকাতিতে বাধা দেওয়ায় খুন হন এই চিকিৎসক নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/এমআই/১৬০৫ ঘ.
bdnews24