২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মায় দুর্নীতির অভিযোগ অবান্তর’

সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের যুক্তি, পরামর্শক হিসাবে ৩৭ মিলিয়ন ডলারের কাজ পেতে ৩৫ মিলিয়ন ডলার ঘুষের প্রস্তাব অবান্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 07:36 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে কোনো অনিয়ম হয়নি বলে ফের দাবি করেছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আবুল হোসেন সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতুর তদন্ত কাজ নিষ্ঠার সঙ্গে চলছে। এর ভেতরে কোনো ধরনের দুর্নীতি ধরা পড়ার আশঙ্কা নেই। যারা দুর্নীতির কথা বলছেন তারা ভুল করছেন।” পদ্মা প্রকল্প নিয়ে বিশ্ব ব্যাংকের শর্তের কারণে মন্ত্রী পদ থেকে সরে যেতে বাধ্য হওয়া এই আওয়ামী লীগ নেতা যুক্তি দেখান, এই সেতুর জন্য পরামর্শক নিয়োগে ৩৭ মিলিয়ন ডলার বরাদ্দের কথা বলা হয়েছিল। সেখানে ওই কাজ পেতে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ সাধার অভিযোগ অবান্তর। মূল সেতু নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য এর আগেও এক দফা জিজ্ঞাসাবাদ করা হয় আবুল হোসেনকে। তবে দুদক পরে জানায়, ঠিকাদার নিয়োগে দুর্নীতির কোনো প্রমাণ তারা পায়নি। অবশ্য পরামর্শক নিয়োগে অনিয়মের বিষয়ে দুদকের অনুসন্ধান অব্যাহত থাকে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৬ অগাস্ট আবুল হোসেনকে চিঠি পাঠান দুদক কর্মকর্তারা। মূলত এ দুটি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগেই গত বছর সেপ্টেম্বরে পদ্মা সেতুতে অর্থায়নের চুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক, ২৯০ কোটি ডলারের এ প্রকল্পে যাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। বিশ্ব ব্যাংকের অর্থায়ন ঝুলে যাওয়ার পর এক পর্যায়ে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব থেকে আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে। তবে বিশ্ব ব্যাংকের শর্ত ছিল, মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, তখনকার সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানের আর দায়িত্বে থাকা চলবে না। সেই শর্ত পূরণ না হওয়ায় চলতি বছর জুনে চুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এ প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংককে ফেরানোর উদ্যোগের মধ্যেই গত ২৩ জুলাই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন আবুল হোসেন। এর ঠিক এক মাস পর তা গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। দুদক কার্যালয় থেকে বেরিয়ে আবুল হোসেন সাংবাদিকদের বলেন, “সততা, ভদ্রতা ও স্বচ্ছতা আমার জীবনের শক্তি। এ দিয়ে আমি ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে চাই।” তিনি বলেন, “সমালোচকদের আমি বন্ধু হিসেবে দেখি। কোনো কাজে স্বচ্ছতা নিশ্চিতে সমালোচকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।” আবুল হোসেনের পদত্যাগের পাশাপাশি বিশ্ব ব্যাংকের শর্ত মেনে সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকেও ছুটিতে পাঠানো হয়। পদ্মা প্রকল্পে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাতীয় সংসদের হুইপ নূরে আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী, সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, পরামর্শক নিয়োগের সংক্ষিপ্ত তালিকার শীর্ষে থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি জিয়াউল হকসহ প্রায় দুই ডজন লোককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। পদত্যাগ প্রসঙ্গে সরকারের কোনো ‘নির্দেশ বা চাপে’ নয়, ‘স্বচ্ছ’ তদন্তের স্বার্থে ‘স্বেচ্ছায়’ মন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি করেছেন সৈয়দ আবুল হোসেন। দুদক কার্যালয়ে এক লিখিত বক্তব্যে তিনি সংবাদিকদের বলেন, “কতিপয় সম্মানিত ব্যক্তি আমার মন্ত্রিসভায় থাকাটা পদ্মা সেতুর স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের পথে বাধা মনে করায় এবং মিডিয়ার সুধীজন ও শুভানুধ্যায়ীদের পরামর্শের প্রতিফলনে, স্বচ্ছ তদন্তের স্বার্থে, পদ্মা সেতু নির্মাণের স্বার্থে আমি স্বেচ্ছায় মন্ত্রীসভা থেকে সরে যাই। এ ক্ষেত্রে সরকারের কোন চাপ ছিল না, নির্দেশও ছিল না।” বিশ্বব্যাংকের অনুমোদন নিয়েই পদ্মাসেতু নির্মাণের কার্যক্রম সততা ও দ্রুততার সঙ্গে বাস্তবায়িত হচ্ছিল দাবি করে সৈয়দ আবুল হোসেন বলেন, এ কার্যক্রমে দুর্নীতির কোনো আশঙ্কার কথা বিশ্বব্যাংক কখনো তাকে জানায়নি। “পদ্মাসেতু নিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলে, মন্ত্রী হিসেবে আমার সম্পর্কে কেউ কোােন অভিযোগ করলে, কোনো অনিয়ম দৃষ্টিগোচর হলে আমার সাথে বিশ্বব্যাংকের আলোচনা করা উচিত ছিল বলে আমি মনে করি।” এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি বলে দাবি করেন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/জেকে/১৩২৬ ঘ.