ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবারের মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সিদ্ধান্ত পরিবর্তন না করে বিদ্যুতের দাম বৃদ্ধি করলে বিইআরসি ও জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওসহ প্রতিরোধের কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন কমিটির নেতা আনু মুহাম্মদ।
বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়নের দাবিতে এক সমাবেশে তিনি বলেন, জনমত উপেক্ষা করে দেশি-বিদেশি লুটেরাদের লুটপাটের সুযোগ করে দিতে বিদ্যুৎ উৎপাদন খরচের দায় সাধারণ মানুষ নেবে না।
“দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকার বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়িয়েছে। আর তার বোঝা জনগণের উপর চাপাতে গিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।”
আনু মুহাম্মদ বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি খাতে টাকার অভাবের অজুহাত ভিত্তিহীন। এনার্জি রেগুলেটরি কমিশন হয়ে দাঁড়িয়েছে দাম বাড়ানোর মাধ্যম, একটি ব্যয়বহুল তামাশা।”
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, কুইক রেন্টালের নামে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় অর্থনীতিকে চাপে ফেলানো হয়েছে। এখন আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে লুটপাটকারীদের সুযোগ দিতে তা নবায়ন করা হচ্ছে।
সমাবেশে বক্তারা বিদ্যুৎ সমস্যা সমাধানে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারের ভুল নীতির দায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির মাধ্যমে জনগণের মধ্যে চাপানো যাবে না।
নেতৃবৃন্দ ২০০৯ সালে ২ সেপ্টেম্বর জাতীয় কমিটির মিছিলে পুলিশি হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএল/২১৪৫ ঘ.
bdnews24