২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভোটার তালিকা হালনাগাদ শুরু মঙ্গলবার

ভোটার তালিকায় ত্রুটির কারণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথে কোনো প্রতিবন্ধকতা দেখতে চান না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 08:53 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকায় ত্রুটির কারণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথে কোনো প্রতিবন্ধকতা দেখতে চান না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর ও দক্ষিণ) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরুর প্রাক্কালে রোববার সংশ্লিষ্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধান করে সিইসি এ কথা বলেন। সকালে রাজউক উত্তরা মডেল কলেজ মিলনায়নে এ কর্মশালায় কমিশনের তিন শতাধিক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার উপস্থিত ছিলেন। কাজী রকিবউদ্দীন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। এ নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা আমরা চাই না।” ভোটার তালিকায় ‘ভুয়া’ ভোটার অন্তর্ভুক্তির কারণে নবম জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হয়। ছবিসহ ভোটার তালিকা প্রণয়ণের পর ওই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গত মার্চে দেশজুড়ে হালনাগাদ কার্যক্রম শুরু হয়। এর শেষ ধাপে ঢাকা সিটি কর্পোরেশনে তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে (উত্তরা ও সবুজবাগ থানায়) ৪ সেপ্টেম্বর। বাকি নির্বাচন অফিসভিত্তিক থানাগুলোয় (গুলশান, ধানমন্ডি, ডেমরা, মতিঝল, ক্যান্টনমেন্ট মিরপুর, মোহাম্মদপুর, লালবাগ, কোতোয়ালী, সূত্রাপুর, তেজগাঁও, রমনা ও পল্লবী) ১৫ সেপ্টেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। কাজী রকিব বলেন, এবার ‘ভুয়া ভোটার’ তালিকায় আসার কোনো আশঙ্কা নেই। আর কেউ দ্বৈত ভোটার হলে তথ্য মিলিয়ে তাদেরও সনাক্ত করা হবে। “সুষ্ঠু নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকার বিকল্প নেই। ভোটার হওয়া সাংবিধানিক অধিকার। এ অধিকার ব্যবহার করে সবাই পছন্দের প্রার্থী নির্বাচন করবে। এ জন্যে তাদের অধিকার নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে ইসি।” ডিসিসির ৯২টি ওয়ার্ডের সমন্বয়ে ১৫টি নির্বাচনী থানায় বর্তমানে ভোটার সংখ্যা ৪৮ লাখ ৭১ হাজার ২৮৬ জন। তালিকা হালনাগাদে কাজ করবেন ৩ হাজার ৩১৯ জন তথ্য সংগ্রহকারী ও ৬৬৮ জন সুপারভাইজার। অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবু হাফিজ, ইসি সচিব মোহাম্মদ সাদিক, যুগ্ম সচিব সিরাজুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মঈনুদ্দিন আবদুল¬াহ, জেলা প্রশাসক মুহিবুল হক, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, ভোটার তালিকা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জমান, নির্বাচনী প্রশিক্ষক ইন্সটিউিটের পরিচালক খন্দকার মিজানুল রহমান কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৪৪৫ ঘ.