২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দরে বেসরকারি বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে তাদের অপসারণের দাবিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 06:47 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিলি স্থলবন্দরে বেসরকারি বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে তাদের অপসারণের দাবিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। রোববার সকালে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ কে দেয় বাংলাদেশের ‘হিলি স্থলবন্দর কাঁচামাল আমদানিকারক গ্রুপ’। সরকারের কাছ থেকে ইজারা নিয়ে পানামা হিলি পোর্ট লিংক লি. নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বন্দরটির পরিচালনা করছে। শনিবার বিকেল ৫টায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভবনে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করে কাঁচামাল আমদানিকারক গ্রুপ। কাঁচামাল আমদানিকারক গ্রুপ ও সুষ্ঠু আমদানি-রপ্তানি বাস্তবায়ন কমিটির আহবায়ক হারুন-উর-রশিদ লিখিত বক্তব্যে পানামা হিলি পোর্ট লিংক লি.-এর ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা ও বন্দর পরিচালনায় অনিয়মের অভিযোগ আনেন। তিনি বলেন, “দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা চাঁদাবাজি বন্ধসহ পানামা হিলি পোর্ট লিংক লি. এর ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী নেপালকে অপসারণ না করা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।” হারুন জানান, ট্রাফিক নিয়ন্ত্রণে পানামা পোর্ট কর্তৃপক্ষ সুষ্ঠু ব্যবস্থা না নেওয়ায় জিরো পয়েন্ট থেকে পোর্ট অভ্যন্তর পর্যন্ত যানজটের কারণে পণ্যবাহী ট্রাক সময়মত বন্দরে প্রবেশ এবং পন্য আনলোড করে বন্দর ত্যাগ করতে পারে না। “ফলে নাইট চার্জসহ বিভিন্ন চার্জ আমদানিকারকদের পরিশোধ করতে হয়।” তবে সরকারি নিয়মেই বন্দর পরিচালিত হচ্ছে দাবি করে পানামা হিলি পোর্ট লিংক লি. এর ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী নেপাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাস্টমস কর্তৃপক্ষের লিখিত নির্দেশে রাত ৯টার পর বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়ায় অবৈধ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আমদানীকারকরা আমার বিরুদ্ধে মনগড়া এসব অভিযোগ তুলেছে।” “রোববার বন্দর প্রাঙ্গণের ভেতরে অবস্থানরত ট্রাকগুলো থেকে মালামাল লোড-আনলোড হচ্ছে।” নতুন করে আর কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪২ ঘ.