নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জ সদর উপজেলার এক বাসা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফতুল্লার ভূঁইগড় এলাকার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
ময়না তদন্তের জন্য লশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় সদর উপজেলার ভূঁইগড় এলাকার আব্দুল কাদেরের বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাট দেড় মাস আগে ভাড়া নেয় জনৈক মিজানুর রহমান।
এসময় তার সঙ্গে থাকা এই মহিলাকে সে স্ত্রী বলে পরিচয় দেয়।
সন্ধ্যায় ওই ফ্ল্যাট তালাবন্ধ দেখে পাশের ফ্ল্যাটের লোকজন জানালা দিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙ্গে গলায় কাপড় পেচানো অবস্থায় লাশ উদ্ধার করে।
তবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ঘটনার পর থেকে নিহতের কথিত স্বামী মিজানুর রহমান পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩২১ ঘ.
bdnews24