নাটোর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে নাটোরের একটি বেসরকারি হাসপাতালে ভাংচুর করেছে নিহতের স্বজনরা।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া আমিনা হাসপাতালে শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, বিলকিস বেগম (৪০) ও শাম্মী আক্তার সুমতি (৩০)। এদের মধ্যে বিলকিস বড়াইগ্রামের কাচুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং সুমতি পাবনা সদরের নাজিরপুর গ্রামের প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী। আমিনা হাসপাতালে অস্ত্রোপচারের পর সৃষ্ট জটিলতায় এই দুজনের মৃত্যু হয় বলে তাদের স্বজনরা অভিযোগ করেন।
হাসপাতালে অ্যানেসথেসিয়ার চিকিৎসক ছাড়াই রোগীকে অস্ত্রোপচারের কারণে ওই জটিলতা হয় বলে তাদের অভিযোগ।
এ বিষয়ে আমিনা হাসপাতালের মালিক ডা. আনসারুল হক বলেন, “কিছু অনিয়ম আছে। পুরোপুরি নিয়ম মেনে হাসপাতাল চালানো সম্ভব নয়। তবে ভবিষ্যতে এসব বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করবো।”
বিলকিসের স্বামী আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার আমিনা হাসপাতালে ডা. আনসারুল হক অ্যাপেন্ডিসাইটিসের জন্য বিলকিস বেগমের (৪০) অস্ত্রোপচার করেন। এরপর থেকে তার পেটে পানি জমে অস্বাভাবিক ফুলে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় আবার তাকে অস্ত্রোপচার করা হয়। তার কিছুক্ষণ পরে রাত পৌনে ৮টার দিকে বিলকিস মারা যান।
এ সময় রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং হাসপাতালের আসবাবপত্র ভাংচুর করে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন।
নিহত অন্য রোগী সুমতির ভাগিনা সুমন আলী জানান, গত ২৩ অগাস্ট সন্তান প্রসবের জন্য এই হাসপাতালে সুমতির অস্ত্রপোচার করা হয়। এর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থা খারাপ দেখে এই হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে শুক্রবার রাতে ঢাকা নেওয়ার পথে সুমতির মৃত্যু হয়।
আমিনা হাসপাতালে অস্ত্রোপচারে সমস্যা থাকায় কিডনি বিকল হয়ে সুমতির মৃত্যু হয় বলে অভিযোগ করেন সুমন আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১৫৫ ঘ.
bdnews24