২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিনের সুলতান উৎসব শেষ

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শেষ হলো শনিবার রাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

নড়াইল, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শেষ হলো শনিবার রাতে। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের সহযোগিতায় উৎসবের আয়োজন করে। এতে আর্ট ক্যাম্প, সম্মিলিত চিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে ছিল আলোচনা সভা ও সংগীত, নৃত্য, নাটকসহ নানা অনুষ্ঠান। সুলতান উৎসবের সমাপনী দিনে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। আরো বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মজনু, এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, ভারতের পশ্চিম বাংলা আরডিবি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয়দেব দাস। এছাড়া শনিবার বিকেলে নড়াইলের চিত্রা নদীতে এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মহিলা ও পুরুষদের দ্ইু বিভাগে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ১৫টি নৌকা অংশ নেয় । নড়াইল শহরের পুরাতন ফেরিঘাট থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে রূপগঞ্জ বাঁধাঘাটে গিয়ে শেষ হয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে চিত্রা নদীর দুই পাড়ে ভিড় করে হাজারো মানুষ। বাংলাদেশ রোইং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলালিংকের সহযোগিতায় এবং এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে খুলনার ডুমুরিয়ার প্রেম কুমারের নৌকা প্রথম স্থান এবং ডুমুরিয়ার মাগুরা গ্রামের ফনিন্দ্র নাথ বৈদ্যের নৌকা দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রতিযোগিতায় মহিলা বিভাগে নড়াইলের মুশুড়িয়ার ‘গানের পাখি’ দল প্রথম স্থান এবং চিত্রালী পাঠকের ‘চিত্রাকলি দল’ দ্বিতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল। এ সময় নড়াইলের জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. জহুরুল হক, এডভোকেট সুবাস চন্দ্র বোস, বাংলালিংকের খুলনা রিজিওনাল কমার্শিয়াল হেড মো. বাবুল হক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৩২ ঘ.