চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হত্যাকা-ের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে একটি সংগঠন।
শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানায় মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’।
হিমাদ্রী হত্যা মামলার প্রধান দুই আসামি জামিনে বের হয়ে ওই মামলার সাক্ষীদেরকে হুমকি দিচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
এতে অংশ নেন হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর আবুল হাসেম এবং সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান দুই আসামি জামিনে বেরিয়ে আসায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন প্রবীর মজুমদার।
এদিকে দুই সাক্ষীকে হত্যার হুমকির বিষয়ে জামিনে মুক্ত আসামি শাহ সেলিম টিপু ও জুনায়েদ আহমেদ রিয়াদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
গত ২২ অগাস্ট মামলার এই দুই আসামি উচ্চ আদালত থেকে জামিন পান। এ মামলায় এখন গ্রেপ্তার রয়েছেন একমাত্র আসামি শাহাদাত। মামলার অন্য আসামিরা হলেন- জুনায়েদের বন্ধু শাওন ও মাহবুব আলী ওরফে ড্যানি।
এ বছরের ২৭ এপ্রিল সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে নগরের পাঁচলাইশ এলাকায় শাহ সেলিম টিপুর ভবনের ছাদ থেকে কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ মে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এইচএ/১৯৪০ ঘ.
bdnews24