ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আগারগাঁও তালতলা স্কুল এবং মহিলা কলেজের শিক্ষার্থী রিক্তা খাতুন হত্যাকা-ের বিচার দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
শনিবার সকালে কলেজের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে হত্যাকা-ের জন্য রিক্তার স্বামী মনজুরুল হক (পান্না)-কে দায়ী করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই শিক্ষা প্রতিষ্ঠানের মানবিক বিভাগ থেকে রিক্তা তিন দশমিক ৮১ পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হয়।
গত ২২ অগাস্ট স্বামী মনজুরুল হক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
‘রিক্তা আত্মহত্যা করেছে’ মনজুরুলর এমন দাবি করলেও রিক্তার মা তাদের পীরেরবাগের বাসভবনে হত্যার অভিযোগে ২২ তারিখেই মনজুরুলের বিরুদ্ধে মীরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধন থেকে প্রতিষ্ঠানটির বাংলার প্রভাষক ফারজানা ইয়াসমিন বলেন, “রিক্তা আত্মহত্যা করেছে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। ক্লাসে তাকে খুব বিমর্ষ দেখাতো। সে যে শারীরিকভাবে নির্যাতিত হতো এটা স্পষ্ট বোঝা যেত।”
“আর রিক্তা যদি অত্মহত্যাই করবে তাহলে হাসপাতালে তার স্বামী তাকে মৃত অবস্থায় ফেলে রেখে পালাবে কেন?”
রিক্তার সহপাঠী মৌমিতা প্রভা এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এইচএসসি পরীক্ষার আগে সে প্রায়ই ক্লাসে অনুপস্থিত থাকতো। জিজ্ঞেস করলে বলতো সংসারে খুব খারাপ সময় যাচ্ছে।”
কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান হাওলাদার রিক্তাকে ‘মেধাবি ও সম্ভাবনাময়’ উল্লেখ করে বলেন, “আমরা চাই এই হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত হোক। হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি পাক।”
কলেজের আরেক শিক্ষক নাজমা খানম চৌধুরী বলেন, “প্রতিদিন খবরের কাগজ খুললেই এরকম প্রচুর নারী নির্যাতনের খবর চোখে পড়ে। দেখা যায় পরিবারের সদস্যরাই নির্যাতনের মাত্রা এই পর্যায়ে নিয়ে যান যে মেয়েটির অত্মহত্যা করা ছাড়া উপায় থাকে না।”
এটাকে একটা ‘সামাজিক ব্যাধি’ হিসাবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে নাজমা বলেন, “একজন নারী এবং রিক্তার শিক্ষক হিসাবে আমি এই ঘটনার সঙ্গে জড়িতের শাস্তি দাবি করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৯১০ ঘ.
bdnews24