ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে থাকা জামায়াত ইসলামীর সমর্থকরা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে কাজ করছে বলে অভিযোগ করেছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের সুরস¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, “প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াতের লোকজন ঘাপটি মেরে বসে আছে। তারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে সবসময় কাজ করছে। আর এই প্রশাসন নিয়ে আমরা আগামী নির্বাচনে যেতে পারি না। এখন সময় এসেছে উপজেলা থেকে কেন্দ্র পর্যন্ত প্রশাসনে ঘাপটি মেরে থাকা জামাতিদের চিহ্নিত করা।”
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার এবং জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
শাহরিয়ার কবির বলেন, “২০১৩ সালের মধ্যে শীর্ষ ১০ যুদ্ধাপরাধীর বিচার শেষ করতে পারলে বাংলাদেশে জামায়াত বলে কোনো রাজনৈতিক দল থাকবে না।”
এ সময় ট্রাইব্যুনালের জনবল নিয়োগ, আইনজীবী এবং সাক্ষীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার অভিযোগ আনেন তিনি।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল হক খান বীরপ্রতিক, ভাষা সৈনিক আব্দুস সামাদ, সিপিবির জেলা সভাপতি সাজিদুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কাজী মাসুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৭০৮ ঘ.
bdnews24