২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানায় সংঘর্ষ, আহত ২০

মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সাভারের একটি পোশাক কারখানায় শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 10:42 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

সাভার, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সাভারের একটি পোশাক কারখানায় শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় গালিমপুর সোয়েটার লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মজুরি (পিসরেট) বৃদ্ধি, ওভারটাইম, গাড়ি ভাড়া, বাসা ভাড়া ও চিকিৎসা ভাতাসহ ১৩ দফা দাবিতে কারখানাটির প্রায় দুইশ শ্রমিক সকাল ১০টার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। “শ্রমিকদের দাবি মানা হবে না- কর্তৃপক্ষ এমন ঘোষণা দিলে তারা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর করে। এক পর্যায়ে শ্রমিক ও কারখানা কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।” গালিমপুর সোয়েটার লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক এস জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার সিদ্ধান্ত জানানো হবে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত হান্নান নামের একজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬৩৫ ঘ.