২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম দেশগুলোর ঐক্য চান প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 05:37 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুসলিম দেশগুলোর মধ্যকার সংকট নিরসনে ইসলামী দেশগুলোর জোট অর্গানাইজেশন ফর ইসলামিক কোঅপারেশন (ওআইসি) পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শুক্রবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী হোসেইনি-খামেনির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এ মন্তব্য করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়। জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৬ তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত বুধবার তেহরান যান প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় স্বার্থরক্ষায় বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরান ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন খামেনি। ন্যামের নতুন চেয়ারম্যান হিসেবে ইরান এই সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংহতি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন এই নেতা। এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতাও চান তিনি। বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কোন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন খামেনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ও ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার আব্দুস সাত্তার ছিলেন। আগের দিন সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এইচএ/২৩২৪ ঘ.