নারায়ণগঞ্জ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে ব্লু মুন বা নীলচাঁদের সৌন্দর্য উপভোগ করেছেন অনেকে।
শুক্রবার এ উপলক্ষে শহরের ৫ নম্বর সারঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ব¬ু-মুন উৎসব আয়োজন করেছে বিজ্ঞান সংগঠন ডিসকাশন প্রজেক্ট ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
এছাড়া সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে এই আয়োজন।
চাঁদ দেখার জন্য নদীর তীরে সদ্য বাঁধানো রাস্তায় সাজানো ছিলো ছোট-বড় পাঁচটি টেলিস্কোপ।
উৎসবে স্থানীয় সংস্কৃতিককর্মীদের অংশগ্রহণে বসে কবিতা ও গানে জোছনা বন্দনার আসর। ইলেকট্রনিক স্ক্রিনে দেখানো হয় চাঁদে মানুষের প্রথম পদার্পণ বিষয়ক তথ্যচিত্র। চাঁদ নিয়ে নানান প্রশ্ন আলোচিত হয় এই অনুষ্ঠানে।
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বী বলেন, এই আয়োজন উৎসর্গ করা হয়েছে চাঁদে পা রাখা প্রথম মানব (সদ্য প্রয়াত) নেইল আর্মস্ট্রংকে।
‘নীল জোছনা’ উপভোগ করতে নদীর পারে আসা কেন প্রশ্ন করা হলে উৎসবের উদ্যোক্তা বিজ্ঞান বক্তা আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানব সভ্যতার বীজও কি নদীর তীরে নয়?
“ইজিয়ান সাগরের পারে গড়ে ওঠা আয়োনীয় আবেগকেই তো আমরা বয়ে চলছি। নদী ছিল বলেই তো পিথাগোরাস বুঝতে পেরেছিলেন, পৃথিবীটা সমতল কোনো পে¬¬ট নয়।”
“নীলচাঁদ দেখতে সেই প্রাচীন আবেগকেই অনুভব করতে চায় মানব মন। নীলচাঁদ দেখতে তাই নীল তাঁবুর নিচে নদীর পারই নৈসর্গিক প¬¬্যাটফর্ম,” বলেন তিনি।
ডিসকাশন প্রজেক্টের মুখপাত্র শরীফ উদ্দিন সবুজ বলেন, যে মাসে দু’টি পূর্ণিমা থাকে সে মাসের দ্বিতীয় পূর্ণিমাকে বলে ব্লু-মুন, যদিও এসময় চাঁদ নীল থাকে না।
প্রতি পৌনে তিন বছর পরপর ব্লু-মুন দেখা যায়। তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতেই এই আয়োজন বলে জানান সবুজ।
চাঁদ দেখতে আসা শহরের খানপুর এলাকার বাসিন্দা পায়েল চৌধুরী বলেন, অসাধারণ নীল চাঁদের সৌন্দর্য। কেউ না দেখলে তা উপলব্ধি করতে পারবে না। আর টেলিস্কোপে দেখার মজাই তো আলাদা।
শহরের জামতলার বাসিন্দা গৃহবধূ জান্নাত আরা টুইংকেল বলেন, “চাঁদ তো দেখি, কিন্তু নীল চাঁদ দেখার মজাটা একটু অন্যরকম।”
বাড়ির সবাইকে নিয়েই নীলচাঁদ দেখতে দেখতে আসেন তিনি।
মেঘের কারণে রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত চাঁদ দেখা যায়নি। তবে এর পর মেঘ কেটে আবার দেখা দেয় চাঁদ, তার অপার সৌন্দর্য নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/০৯১৭ ঘ.
bdnews24